ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। নিয়ম অমান্য করলে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিবৃতিতে জানানো হয়, হলের সুষ্ঠু, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে ধূমপান ও সব ধরনের মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। ইয়াবা, গাঁজা, হেরোইনসহ মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবক উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক শাহ বলেন, “হল প্রাঙ্গণ বা ক্যান্টিনের সামনে ধূমপান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল। অধূমপায়ীদের স্বাস্থ্যের ক্ষতি রোধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মটি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। কেউ নিয়ম ভাঙলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থী বা হল সংসদের কেউ স্বতঃস্ফূর্তভাবে কাউকে শাস্তি দিতে পারবে না। নিয়ম ভঙ্গ হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এর আগে ঢাবির এফ রহমান হলেও প্রকাশ্যে ধূমপান ও মাদক সেবনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ