ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিংসহ বিশেষ চিকিৎসা ছাড়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘Save The Smile: Breast Cancer Awareness Program’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির লক্ষ্য ছিল ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।
বিনামূল্যে টেস্ট ও বিশেষ ছাড়:
এই উদ্যোগের আওতায়— প্রাইমারি ব্রেস্ট স্ক্রিনিং: সম্পূর্ণ বিনামূল্যে, ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি: ১৫০০ টাকার বদলে ১০০০ টাকা, ব্রেস্ট মেমোগ্রাম: ২৫০০ টাকার বদলে ১৫০০ টাকা। এসব সুবিধা ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বারডেম জেনারেল হাসপাতালে পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ—সকলেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব হাসান, বারডেম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ, সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম।
বক্তারা বলেন, নারীর প্রাণঘাতী ঝুঁকি কমাতে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষিত তরুণ প্রজন্ম সচেতন হলে সমাজে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের টিশার্ট, নোটপ্যাড, চাবির রিং ও লাঞ্চ সুভেনির দেওয়া হয়।
শেষে অতিথিদের হাতে স্মারক সুভেনির তুলে দেওয়া হলে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ