জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর জনগণের আস্থাহীনতার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন— “জনগণের ঐতিহাসিক আন্দোলনের ফসল এই জুলাই সনদ। অথচ যারা আইনি প্রক্রিয়া দেখভাল করছেন—বিশেষ করে ড. আসিফ নজরুল—তাদের ওপর জনগণের আস্থা নেই। বারবার সনদটিকে সংবিধানের জালে আটকে ভিন্ন খাতে নিতে চাইছেন।”
পাটওয়ারী আশঙ্কা প্রকাশ করে বলেন— গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটকে আড়াল করা হচ্ছে, সনদকে পাশ কাটিয়ে ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়ার চেষ্টা চলছে, রাজনৈতিক সমঝোতার নামে জোটবদ্ধ বিভ্রান্তি সৃষ্টির উদ্যোগ দেখা যাচ্ছে।
তার ভাষায়—“জাতীয় ঐক্যের প্রতীক জুলাই সনদ। যেকোনো বিভক্তির উদ্যোগ মানে ফ্যাসিবাদকে ফের দেশে ডেকে আনা।
এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন— জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে, জনগণের সামনে ড্রাফট আকারে প্রকাশ করতে হবে।
তিনি বলেন— “আমরা ড্রাফট দেখার পরেই স্বাক্ষর করব। জনগণের কাছে পরিষ্কার করে উপস্থাপনই হবে সনদের বৈধতার প্রধান শর্ত।”
পাটওয়ারী আরও বলেন— গত ৫ আগস্টের অভ্যুত্থান-পরবর্তী সময়েও জনগণকে পাশ কাটিয়ে ক্ষমতার দর কষাকষির চেষ্টা হয়েছিল। পুরোনো রাজনৈতিক শক্তি নতুন নামে ফিরে এসে
সনদকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে।
জুলাই সনদ নিয়ে আলোচনা ও পাল্টা-আলোচনা যত এগোচ্ছে- রাজনৈতিক উত্তাপও তত বাড়ছে।
ভোটের আগে এই সনদকে ঘিরে আরও তীব্র অবস্থান দেখা যেতে পারে—এমনটাই মনে করছে বিশ্লেষক মহল।
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ