রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস এম রবীন হোসেনসহ কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত ডিবি পুলিশের টিম এসব অভিযান পরিচালনা করে।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন— “গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ নিষিদ্ধ ঘোষিত দল ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গ্রেপ্তারকৃতরা কোন মামলার আওতায় আটক হয়েছেন এবং অন্যদের পরিচয় বিষয়ে ডিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নাশকতার আশঙ্কা মোকাবিলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ