চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ১০ লক্ষাধিক ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআরের রাজস্ব ভবন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য দিয়ে কয়েক মিনিটেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। দাখিলের পর তারা তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি স্লিপ ও আয়কর সনদও প্রিন্ট নিতে পারছেন।

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ কর বছরে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সকল ব্যক্তির জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যাদের ই-রিটার্ন নিবন্ধনে সমস্যা হচ্ছে, তারা ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করে অনুমোদন সাপেক্ষে কাগজে (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদেশে থাকা বাংলাদেশিরাও ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এজন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ইমেইল ঠিকানাসহ তথ্য [email protected]তে পাঠালে আবেদনকারীর ইমেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে।

করদাতাদের সহায়তায় এনবিআর একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে। এছাড়া, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনে লিখিত অভিযোগ জানানো এবং সারাদেশের কর কার্যালয়ে স্থাপিত ই-রিটার্ন হেল্পডেস্ক থেকে সরাসরি বা টেলিফোনে পরামর্শ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করতে করদাতা, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে ই-রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।