তোমরা মানুষ আর আমি ফুটপাতে বেড়ে ওঠা পথশিশু।
তোমরা যখন ঘুমাতে যাও ভীষণ ভোরে, ঠিক তখন আমি বের হই খাবারের খোঁজে। আধো আলো-আধো আঁধারে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে সাজাই আমার স্বপ্নের দুনিয়া।
জানো, তোমাদের চাকচিক্যময় জীবন আমায় আন্দোলিত করে না। বিশ্বাস কর, বিন্দুমাত্র কৌতূহল উদ্রেক করে না। যখন গভীর রাতে ফ্লাইওভারের নিচে আমার জীর্ণ দেহ তন্দ্রায় আচ্ছন্ন থাকে, তখনও না!
তোমাদের লাল মার্সিডিজ কিংবা কালো বিএমডব্লিউ আমার মনে কোনো আকাঙ্ক্ষার সৃষ্টি করে না। তোমাদের দামি স্যুট, কড়া পারফিউম কিংবা রাতভর পার্টির মস্তি আমার স্বপ্নের জগতে আঘাত করে না, করে না কখনোই লাইনচ্যুত!
তোমরা ভাবতে পারো, জীবনের প্রতি হয়তো আমার অনেক অভিযোগ— কিন্তু না, বিধাতার প্রতি আমার নেই কোনো ক্ষোভ!
আমার কাছে গুলশান, বনানী, কড়াইল বস্তি কিংবা মহাখালীর ফুটপাতে কোনো ভিন্নতা নেই। ভিন্নতা শুধু বিবেকে—শুধুই মরমে!
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ