ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ডিবিকে (ডিটেকটিভ ব্রাঞ্চ) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল গণমাধ্যমকে জানান,
- “নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে বিএনপি ও তার সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। এবার তার লাগাম টেনে ধরার জন্যই আমরা মামলা করেছি।”
মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারের পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও এর নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করেন।
এর ধারাবাহিকতায় ১ নভেম্বর তিনি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন—
- “জুলাই সনদ নিয়ে একটা বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের নয়ন নামে একজন নেতা আছে, ও একা যত চাঁদাবাজি ও দুর্নীতি করেছে, ওই টাকা দিয়েও একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”
অভিযোগে বলা হয়, এই বক্তব্যের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ও নয়নের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আদালত বিষয়টি মানহানিকর ও তদন্তযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ