ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল এক রাজনৈতিক চিত্র দেখা যাচ্ছে কুড়িগ্রাম-৪ (রৌমারী-চিলমারী-রাজীবপুর) আসনে। এখানে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই—একজন আজিজুর রহমান, অন্যজন মোস্তাফিজুর রহমান মোস্তাক।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম আসে রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানের। অপরদিকে জামায়াতে ইসলামীও একই আসনে প্রার্থী করেছে রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাককে—যিনি আজিজুর রহমানের ছোট ভাই।

এই দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকায় টক অব দ্য টাউন। স্থানীয় চায়ের দোকান থেকে রাজনৈতিক অঙ্গন—সব জায়গায় চলছে আলোচনা।

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,

“আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। তিনি প্রার্থী হলেও আমাকে হারাতে পারবেন না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করলেও এতে কোনো প্রভাব পড়বে না।”

অন্যদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান মন্তব্য করেন,

“আমার ছোট ভাই একসময় বিএনপিতেই ছিল। পরে জামায়াতে যোগ দেয়। আমি না থাকলে হয়তো সে সুবিধা নিতে পারত, কিন্তু এখন জনগণ জানে, কে আসল বিএনপির প্রতিনিধি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পারিবারিক এই প্রতিদ্বন্দ্বিতা কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। দুই ভাইয়ের লড়াই শুধু দলীয় নয়, এখন তা গোটা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে।