কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিতভাবে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৬ নভেম্বর রবিবার বিকেল ৩টায় ‘বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল’-সংক্রান্ত ‘মিট দ্যা বিজনেস’ এর তৃতীয় পর্বের সভা আয়োজন করছে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোঃ আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।
সভায় এনবিআরের চেয়ারম্যানের সভাপতিত্বে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস সমিতি (বিটিএমএ)-এর প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন।
সভা অনুষ্ঠিত হবে এনবিআরের মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং-৩০১) এ। এনবিআরের সকল সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানের আয়োজন করবে সংস্থাটি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ