৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে কুবির শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দে উচ্ছ্বসিত।
জানা যায়, অলি উল্লাহ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনার্স শুরু করেন এবং ২০২৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময়ে তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদন তাঁকে এই সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে।
বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় শিক্ষকতা করেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে অলি উল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ! আমার পরিশ্রম বৃথা যায়নি। বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র—সবার দোয়া ও আল্লাহর রহমতেই আজ আমি এই অবস্থানে। শিক্ষা ক্যাডারে গণিত বিভাগে প্রথম হতে পেরে আমি গর্বিত।”
বিসিএস প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন- “সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। বিশাল সিলেবাস ও অসংখ্য প্রতিযোগীর ভিড়ে টিকে থাকতে হলে শর্টকাট নয়, ধারাবাহিক পরিশ্রমই সফলতার চাবিকাঠি। প্রিলি, রিটেন ও ভাইভার প্রতিটি ধাপের জন্য মনোযোগ দিতে হবে।”
শেষে তিনি বলেন- “আমি যেন আমার দায়িত্ব সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি—সবাই আমার জন্য দোয়া করবেন।”
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ