কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব এবং আনন্দলোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুলের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রোটার্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যাক্ট তানভীর আনজুম সাজন ও সেক্রেটারি রোটার্যাক্ট আল-আমিন। অন্যদিকে আনন্দলোক স্কুলের পক্ষে স্বাক্ষর করেন স্কুলটির প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
চুক্তির আওতায় আগামী ছয় মাস প্রতি শনিবার রোটার্যাক্ট ক্লাবের একটি টিম আনন্দলোক স্কুলে বিনামূল্যে ক্লাস পরিচালনা করবে। এতে বিভিন্ন শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী নিয়মিত অংশ নেবে।
রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আনজুম সাজন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহযোগিতা দেওয়ার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম। আনন্দলোক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমাদের স্বপ্নের প্রকল্পটি আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।” তিনি আরও জানান, আগামী ছয় মাস বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের যুক্ত করে নিয়মিত শিক্ষাসেবা কার্যক্রম পরিচালিত হবে।
আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয় এলাকার কমিউনিটির সঙ্গে সংযোগ রাখাটা অত্যন্ত জরুরি। গত এক যুগের বেশি সময়ে এ এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংখ্যা খুব কম। শিশুদের সামগ্রিক বিকাশের উদ্দেশ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। রোটার্যাক্ট ক্লাবের অংশগ্রহণে এখন বাচ্চারা আরও নিয়মিত একাডেমিক সহায়তা পাবে।”
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ বৃদ্ধি করবে এবং কমিউনিটিতে শিক্ষাসেবার ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ