রাজশাহীতে বিচারকের বাসায় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সকল পর্যায়ের বিচারকদের নিরাপত্তার জন্য গাড়ি এবং গানম্যান বরাদ্দের দাবি জানিয়েছেন ।
আজ ১৬ নভেম্বর (২০২৫) রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান আইন পরিরারের সদস্যরা।
রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে হত্যা, পরিবারের সদস্যদেরকে কুপিয়ে জখম করার প্রতিবাদ, বিজ্ঞ বিচারক ও তাদের পরিবারের সদস্য সহ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ “প্রতিবাদ সমাবেশ” আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার।
এ সময় বক্তব্য রাখেন এডভোকেট মীর হালিম, এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল), ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াৎ জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান হাসান তামিম প্রমুখ।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন রাজশাহীতে বিচারকের বাসায় হামলার পর অভিযুক্তকে দিয়ে মিডিয়া ট্রায়ালের কারণে পুলিশের কঠোর সমালোচনা করে নিন্দা জানিয়েছেন। তিনি তার বক্তব্যে বিচারক ও বিচারক পরিবারের সার্বিক নিরাপত্তায় সকল পর্যায়ের বিচারকদের জন্য গাড়ি এবং গানম্যান বরাদ্দের দাবি জানিয়েছেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থীদের মধ্যে মেহেদী হাসান শিমুল, অপরাজিতা, সোলাইমান, শিশির তামিমসহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ