চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাকের্টিং বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়বাদী শিক্ষক ফোরাম, চবি শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. তৈয়ব এক যুগের বেশি সময় ধরে শিক্ষকতায় আলো ছড়িয়ে যাচ্ছেন চবির মার্কেটিং বিভাগে। শিক্ষকতার পাশাপাশি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনেক গুরুদায়িত্ব। সিইউসিবিএ এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর কোষাধ্যক্ষ তিনি।

অধ্যাপক ড. তৈয়বের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া অনেক আগে থেকেই চলছিল। আমি নিয়োগ পেয়ে সন্তুষ্ট। তবে আমি কয়েকদিন পরে যোগদান করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি চবিতে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। হুট করে তো এসব রেখে চলে যেতে পারি না৷ এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন) চীনে আছেন। তাই একটু সময় লাগতে পারে।’

ড. তৈয়বের নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো- নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন।