কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একজনকে ছয় মাসের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এবং চারজনকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে:

শাফায়েত রহমান ভূঁইয়া (মার্কেটিং, এমবিএ ২০২৩-২৪): ৬ মাসের জন্য সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার, হল থেকে আজীবনের জন্য বহিষ্কার, বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে নিষিদ্ধ।

আরও চারজন শিক্ষার্থী (সবাই মার্কেটিং বিভাগ): তাদের সকলকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ/বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।
তারা হলেন — মাহবুব হাসান (২০২১-২২), হাসান মাহমুদ সাফিন (২০২১-২২), মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ (২০২৩-২৪), জয়নাল আবদীন হৃদয় (২০২৪-২৫)

স্থগিত হওয়া ওই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটার সমাধান হয়েছে। আগামী সপ্তাহে বাকি খেলাগুলো শুরু হবে।”

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম জানান,
“১৬ সদস্যের শৃঙ্খলা বোর্ড ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিয়েছে। মর্কেটিং বিভাগের পাঁচজন শিক্ষার্থীকে সরাসরি মারামারিতে লিপ্ত হতে দেখা গেছে এবং তারা বিষয়টি স্বীকারও করেছে। তাই নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “টুর্নামেন্ট যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় — এজন্য সবার সহযোগিতা কামনা করছি এবং শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।”

গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে দুই বিভাগের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এরপর ২৫ অক্টোবর টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়।