গত ১০ মাসে রাজধানীতে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা জনমনে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি করেছে।
আজ বুধবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাওলানা ইউনুস আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের অপরাধের তথ্য থেকে জানা যাচ্ছে যে, চলতি বছরের গত ১০ মাসে (অক্টোবর পর্যন্ত) সারাদেশে প্রায় তিন হাজার ২৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এই হিসেবে প্রতি মাসে গড়ে ৩২৩টি খুন হয়েছে। রাজধানীতে গত ১০ মাসে ৩৭১টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতি মাসে গড়ে ৩৭টি হত্যাকাণ্ড ঘটছে। তবে ডিএমপি থেকে দাবি করছেন, প্রতি মাসে রাজধানীতে গড়ে ১৯-২০টি হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের এই তথ্য জনমে উদ্বেগ তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েন করা আছে। এমন বাস্তবতায় এতো হত্যাকাণ্ড সকল বিবেচনাতেই ভীতিকর এবং দেশে আইনের শাসনের বিদ্যমানতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাই জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং আসন্ন নির্বাচন সম্পর্কে জনমনে স্থতি ফিরিয়ে আনতে আইন-শৃংখলা পরিস্থিতির অবশ্যই উন্নতি করতে হবে।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশংকাজনকভাবে বেড়েছে। প্রকাশ্য বিদালোকে হত্যা করতেও দ্বিধা করছে না সন্ত্রাসীরা। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে এবং অপরাধীদের দমন করতে সর্বব্যাপী অভিযান পরিচালনা করতে হবে।
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ