কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবীন বিতার্কিকদের স্বাগত জানাতে এবং তাদের বিতর্কের প্রাথমিক ধারণা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন— কুবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি, বর্তমান সভাপতি সাদিয়া আফরিন।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন,
“বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বিতর্ক এবং সংগঠনের সাথে পথচলা শানিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। তাদেরকে যোগ্য বিতার্কিক হিসেবে গড়ে তুলতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভাপতি সাদিয়া আফরিন বলেন,
“নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করে। তাদেরকে বিতর্কের সঙ্গে পরিচিত করাতে এবং বিতর্ক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত করতেই এই আয়োজন। এটি তাদের ভবিষ্যৎ বিতর্ক যাত্রায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”

কর্মশালায় আলোচনা হয়: বিতর্কের প্রাথমিক কাঠামো, যুক্তি উপস্থাপনের কৌশল, বিতর্কের মান বজায় রাখার নিয়ম, ব্যক্তিগত বিকাশে বিতর্কের ভূমিকা।

আয়োজকদের মতে, কর্মশালাটি নবীনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে আগ্রহী।