চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ব্যক্তির নাম মিনহাজ ইসলাম রিফাত। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে চবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিনহাজকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যান। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা তাকে আটকের ব্যবস্থা করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, মিনহাজের কাছে পাওয়া একটি পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। তবে তিনি দীর্ঘদিন ধরে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন। এ সময় তিনি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের কাছে কুরুচিপূর্ণ বার্তাও পাঠাতেন।
অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শ্রেণি প্রতিনিধি সৃজিতা বলেন, ‘সে আমাদের ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দিত। কিন্তু আমি যেহেতু সিআর, তাই তাকে চিনতাম না। পরে আমরা বিষয়টি খুঁজে দেখি এবং আজ হাতে–নাতে ধরতে সক্ষম হই।’
চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, সে ভুয়া শিক্ষার্থী। তার কাছে পাওয়া পরিচয়পত্রে দেখা যায়, তিনি একটি হাসপাতালে চাকরিরত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিরাপত্তা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মিনহাজ বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা দপ্তর থেকে নেওয়া হবে।’
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ