জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত না হলে প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছে ছাত্রদল, ছাত্রঅধিকার ও সাধারণ শিক্ষার্থী সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতারা এই অবস্থান জানান।
প্যানেলের ভাইস–প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী একে এম রাকিব বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি—আলো ছড়াই, ঘৃণা নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রীতির ক্যাম্পাস। এখানে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, মিথ্যাচার ছড়াতে চায়, তারা এই বিশ্ববিদ্যালয়ের চেতনা ধারণ করে না।’
তিনি বলেন, শিক্ষার্থী রাজনীতিতে প্রপাগাণ্ডা নয়, বরং শিক্ষার্থী–বান্ধব ম্যান্ডেটই হওয়া উচিত প্রধান উপাদান। ‘সকলেই তাদের নিজস্ব ভিশন নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবে, শিক্ষার্থীরাও তাদের পছন্দের প্রার্থী বেছে নেবে—এটাই আমরা চাই,’ বলেন তিনি।
নির্বাচনের তারিখ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাকিব বলেন, ‘২২ ডিসেম্বর নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু প্রশাসনকে ব্যবহার করে সেটিকে এখন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো জকসু নির্বাচন হতে যাচ্ছে। তাই সর্বোচ্চ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করে পূর্বঘোষিত তারিখেই নির্বাচন আয়োজন করতে হবে। তা না হলে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।’
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ