ঢাকাস্থ ফরিদগঞ্জবাসীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদগঞ্জবাসী দাঁড়িপাল্লায় ভোট দেবেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনকে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনা সভায় এলাকার উন্নয়ন ও জনসংযোগ বাড়ানোর নানা দিক তুলে ধরা হয়।
সভাটি সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. আবদুল কাদের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. জুবায়ের হোসাইন রাজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চাঁদপুর জেলা আমীর ও চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
সভায় প্রধান অতিথি মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জের প্রায় চার লক্ষ ভোটারের কাছে আমি এবং আমার টিম নিয়মিত পৌঁছে যাচ্ছি। ঢাকায় অবস্থানরত ফরিদগঞ্জবাসীদের অংশগ্রহণ, অনলাইন যোগাযোগ, পরামর্শ এবং নিজ নিজ ভোটকেন্দ্রকে আদর্শ কেন্দ্রে রূপান্তরের বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আপনারা এলাকায় গিয়ে জনমত গঠনে সহায়তা করবেন—এটাই প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি ও ফরিদগঞ্জের কৃতিসন্তান জিয়াউল হক শামীম, সাবেক পরিষদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক নেতা মো. সাইফুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মো. হারুন আর রশিদ, আহছান ফারুকী, আহছান হাবীব, আনোয়ারুল করিম, মোতাসিম বিল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা ইউনুছ, ইমাম হোসেন প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন, গণসংযোগ জোরদার এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ