চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের স্টাডি ট্যুর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম শিকারপুরে অবস্থিত মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে (আর্ক) এই স্টাডি ট্যুরের আয়োজন করা হয়।
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. শাহীনুর রহমানের নেতৃত্বে ২৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের স্টাডি ট্যুরের অংশ হিসেবে এবং ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে পুরো পুনর্বাসন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় আর্ক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সম্মতিক্রমে কেস স্টাডি পরিচালনা করেন তারা।
এরআগে আর্কের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জন্য একটি প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু’র সঞ্চালনায় প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম এটি পরিচালনা করেন।
সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো এখানে এসেছি। একটি সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা এখানে এসে উপকৃত হবে। তারা ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হবে। যা তাদের পরবর্তী ধাপে সহায়তা করবে।’
অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আর্ক যে সুযোগ তৈরি করে দিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এরমাধমে তারা নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।’
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ