সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যুক্ত হন।

যোগদানের পর রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে দলের রাজনীতিতে যুক্ত হলাম।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেজা কিবরিয়ার যোগদানকে বিএনপির জন্য ‘আনন্দের বিষয়’ উল্লেখ করে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন,
“বিএনপির ৩১ দফার আলোকে দেশ গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রেজা কিবরিয়া। বিএনপি ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনটি এখনো শূন্য রাখা হয়েছে—তাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করা হচ্ছে।

২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করেন। নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে পরে সাধারণ সম্পাদক হন। তার সময়েই দলটি দ্বিধাবিভক্ত হয়।

এরপর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে গণঅধিকার পরিষদ গঠন করেন—সেখানে আবার বিভক্তি দেখা দেয়। সর্বশেষ ‘আমজনতার দল’ গড়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।