বন্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করতে আগামী ১ জানুয়ারি থেকে ‘কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম’ (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এতদিন কাঁচামাল আমদানির জন্য মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ইউটিলাইজেশন পারমিট (ইউপি) গ্রহণ করত। যদিও ২০২৫ সালের শুরুতে CBMS চালু হয়, তবে ব্যবহার বাধ্যতামূলক না থাকায় বেশিরভাগ প্রতিষ্ঠান এখনো অনলাইনে সেবায় আসেনি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটিতে প্রয়োজনীয় সংশোধন এনে আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে বলেও জানায় এনবিআর।
নতুন নির্দেশনায় বলা হয়েছে—
আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ইউপি ইস্যু ও গ্রহণ সংক্রান্ত সব কার্যক্রম কেবলমাত্র CBMS-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। বন্ড কমিশনারেটগুলো ওই তারিখের পর আর কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করবে না।
CBMS বাধ্যতামূলক হওয়ার সুবিধা:
১. সেবা প্রদানে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে
২. সময় ও ব্যয় সাশ্রয় হবে
৩. কাঁচামালের ইনপুট-আউটপুট হিসাব স্বয়ংক্রিয় হওয়ায় অনিয়ম কমবে
৪. ম্যানুয়াল কাগজপত্রের ঝামেলা দূর হবে
৫. বন্ড সংক্রান্ত জটিলতা ও বিবাদ কমবে উল্লেখযোগ্যভাবে
এনবিআর বলছে, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে বন্ড ব্যবস্থাপনার পূর্ণ অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ধাপে ধাপে সব কার্যক্রমই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ