চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ সেবা।
মেডিকেল ক্যাম্পে অংশ নেন প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ছিল ১২টি কনসালট্যান্সি বুথ—জেনারেল সার্জারি, কার্ডিওলজি, গাইনোকলজি, নিউট্রিশন, নাক-কান-গলা, ডার্মাটোলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিওলজি সহ বিভিন্ন বিভাগ। শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম ফজলুল হক ক্যাম্পের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
উদ্বোধনী বক্তব্যে ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন,
“চবিতে এই প্রথম এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প। এ সেবা নিয়মিত দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য হাসপাতাল ৫০ শতাংশ (শর্তসাপেক্ষ) ছাড়ে সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ফ্রি মেডিকেল ক্যাম্প পেয়ে খুশি শিক্ষার্থীরা বলেন,
“ক্যাম্পাসে এরকম সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা সেবা এর আগে দেখিনি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অবস্থা ভালো নয়—এই ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারী। চাকসুকে ধন্যবাদ। চাই, মেডিকেল সেন্টার উন্নয়ন করা হোক এবং নিয়মিত এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা চালু থাকুক।”
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,
“শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নত করাই আমাদের প্রধান এজেন্ডা। মেডিকেল সেন্টার উন্নয়ন নিয়ে আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। ক্যাম্পে আজ প্রায় বিশজন সুনামধন্য ডাক্তার সেবা দিয়েছেন। আমরা চেষ্টা করবো—প্রতি মাসে অন্তত একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে।”
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন,
“শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধপরিকর। মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে এবং কাজ চলছে। মানসিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা বাড়ানো হয়েছে। চাকসুর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ