হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ এনায়েত হোসেন শপথ নিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান বিচারপতির খাস কামরায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১১ নভেম্বর হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী করা হয়। রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পরদিন ১২ নভেম্বর শপথ নেন ২১ জন বিচারপতি। তবে অসুস্থতার কারণে সেদিন শপথ নিতে পারেননি বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন। শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার পর আজ তিনি শপথ নিলেন।
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ