আসন্ন জাতীয় নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “ভোটাররা যদি সর্বত্র দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যাবে।”

মঙ্গলবার ঢাকায় দুদক প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান আরও বলেন,
“সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে যে এটি পুরোপুরি নির্মূল করা কঠিন। তবে তরুণ সমাজ যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে অনেকদূর এগোবে।”

সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে দুদকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, দুদকের মহাপরিচালক ও পরিচালকবৃন্দ, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা
এছাড়া দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন।