আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার হোসেন তালিকাটি প্রকাশ করেন।

তবে ঘোষিত তালিকায় নাম নেই গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনের। তিনি ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং গত ২০ নভেম্বর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

প্রাথমিক তালিকায় তাঁর নাম না থাকায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাঁর ভবিষ্যৎ অবস্থান এখনো স্পষ্ট নয়। এনসিপির পক্ষ থেকেও সুজনকে বাইরে রাখার কারণ জানানো হয়নি।

দলের ঘোষণা অনুযায়ী, আরও কিছু আসনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। তবে সেই তালিকায় সুজনের নাম থাকার সম্ভাবনা আছে কি না—তা এখনো অনিশ্চিত।