অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য—যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম—নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
দিনের শুরুতে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন—
> “এটা আমার বলার এখতিয়ার নেই। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।”

তবে তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন। কোন দল বা কোন আসন থেকে নির্বাচন করবেন—সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি। যদিও আগে তিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান বলে জানিয়েছেন। সম্প্রতি তিনি নিজ এলাকা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রাথমিকভাবে তিনি শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে তাকে দায়িত্ব দেওয়া হয়— যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় —এই তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।
আরেকদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করেছেন।

তিনি প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মাহফুজ আলম।
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ