চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগ ও বাংলাদেশ গণিত সমিতির যৌথ উদ্যোগে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন–২০২৫”। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে দেশি–বিদেশি খ্যাতনামা গণিতবিদ, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে গণিতচর্চার উৎকর্ষতা ধরে রেখেছে চবির গণিত বিভাগ। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে গণিতের বিভিন্ন শাখায় আন্তঃবিভাগীয় গবেষণা, জ্ঞান বিনিময় এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি হবে।

সম্মেলনে বিশুদ্ধ এবং প্রয়োগকৃত গণিতের বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— Analysis, Computational Mathematics, Fuzzy Mathematics, Mathematical Biology, Mathematical Modeling, Operations Research এবং অন্যান্য সমসাময়িক গবেষণাভিত্তিক বিষয়।

এছাড়া নির্বাচিত প্রবন্ধগুলো যাচাই–বাছাই শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে প্রকাশ করা হবে বলে জানানো হয়।

গণিত বিভাগের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জালাল আহাম্মদ বলেন—
“বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আন্তর্জাতিক গণিত সম্মেলন প্রতি দুই বছর অন্তর দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা আমাদের জন্য গর্বের বিষয়। বিদেশি গবেষক ও গণিতবিদরা অংশগ্রহণ করবেন, যা আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে।”

তিনি আরও জানান—
“বর্তমান খাদ্য উপদেষ্টা যিনি চবির গণিত বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন—তার আসারও সম্ভাবনা রয়েছে।”

আয়োজকরা আশা করছেন, এই আন্তর্জাতিক সম্মেলন গণিতচর্চায় নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।