কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতার ফাইনাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় বিজয়–২৪ হলের বাংলা ব্লকড এবং সুনীতি–শান্তি হলের সুনীতি–A দল। বিতর্কে বিজয়ী হিসেবে নির্বাচিত হয় বিজয়–২৪ হলের দল বাংলা ব্লকড। সেরা বিতার্কিক নির্বাচিত হন আবছার উদ্দিন ইফতি।

প্রতিযোগিতা চলাকালীন মুখ্য স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যণীয় ছিল।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন, “এই প্রথমবারের আয়োজন আন্তর্জাতিক মানের বিতর্ক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছে। অংশগ্রহণকারীরা যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপনায় দক্ষতা দেখিয়েছে। বিজয়-পরাজয় নয়, অংশগ্রহণই মূল সাফল্য।”

ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, “এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হল–সংস্কৃতির মানসিক বাধা ভাঙা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে। ভবিষ্যতেও বিতর্ক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানাই।”

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কুবির বিতর্ক অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।