জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। তরুণ প্রজন্মকে ইতিবাচক সামাজিক শক্তিতে উদ্বুদ্ধ করাই আয়োজকদের মূল লক্ষ্য।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফুট ও ৩০০ ফুট সড়কের মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর কনসার্ট ভেন্যুতে। দর্শকদের জন্য সব ধরনের যাতায়াত সুবিধার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফের না আসা এবং ভেন্যু চূড়ান্ত না হওয়া নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। আয়োজকের দাবি, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আগাম প্রকাশ না করায় কিছু ব্যক্তি এটি কাজে লাগিয়ে গুজব ছড়াচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, কনসার্টের ভেন্যু অনুমোদন, প্রস্তুতি ও আনুষঙ্গিক সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্টদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আয়োজন সাজানো হচ্ছে।

সব বিভ্রান্তির অবসান ঘটিয়ে স্বয়ং আতিফ আসলামও আয়োজকদের পাশে দাঁড়িয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে তিনি ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন। এতে ভক্তদের মাঝে নতুন করে উৎসাহ দেখা গেছে।

মেইন স্টেজ ইনকের মুখপাত্র রিসালাত বলেন,
“ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। প্রয়োজনীয় সব অনুমোদন আমরা পেয়েছি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়ম মেনে কাজ করছি। সবাইকে অনুরোধ—গুজব ও বিভ্রান্তিতে কান না দিয়ে আমাদের অফিসিয়াল তথ্য অনুসরণ করুন।”