ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতির উদ্দেশে ভাষণে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।
ইসি সূত্র অনুযায়ী, এবার মোট ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করেছেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ