এক যুগেরও বেশি সময় ধরে শোবিজের সঙ্গে যুক্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন, নাটক ও টিভি কন্টেন্টে দারুণ জনপ্রিয় এই অভিনেত্রী এখন আবারও বড় পর্দায় ফিরছেন। নাম লিখিয়েছেন রায়হান খান পরিচালিত নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’–এ। তবে সিনেমায় ব্যস্ততা বাড়লেও নাটক থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
মঙ্গলবার ‘ট্রাইব্যুনাল’ ছবিটি কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি বলেন,
“গত কয়েক বছরে সিনেমায় অভিনয় করব কি না—এ নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। এখন সেই প্রশ্নের উত্তর সবাই জানে। আমি ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফিরছি।”

আট বছর পর আবারও বড়পর্দায় ফেরার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান,
“ভিট–চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পরই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে বুঝলাম, সিনেমা খুব বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে দক্ষতা, পরিশ্রম ও প্রস্তুতি লাগে। তাই গত আট–দশ বছর ছোটপর্দায় কাজ করে নিজেকে তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।”
তবে সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা থাকলেও নাটক ছাড়ার কোনো ইচ্ছা নেই জনপ্রিয় এই অভিনেত্রীর।
তার ভাষায়,
“দর্শক আমাকে চিনেছে নাটকের মাধ্যমে। এই প্ল্যাটফর্ম আমাকে তৈরি করেছে। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে—এমন কোনো কথা নেই। যদিও সিনেমার কারণে নাটকের কাজ কিছুটা কমতে পারে, তারপরও বেছে বেছে নাটকে কাজ করব।”

‘ট্রাইব্যুনাল’ ছবির জন্য এক মাস ধরে তারিক আনাম খানের সঙ্গে রিহার্সেল করেছেন তানিয়া বৃষ্টি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে ন্যায়বিচার, নৈতিকতা ও বিচারব্যবস্থার আড়ালে থাকা রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
এ ছবিতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন—
মৌসুমী হামিদ, আদর আজাদ, নুসরাত ফারিয়া, তারিক আনাম খান, সায়রা আক্তার জাহান, ইভোন, মিলন ভট্টচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম ও উপমা প্রমুখ।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ