দেশের জনপ্রিয় লোকসংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-র নতুন মৌসুম সম্প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় প্রচারিত এ আয়োজনে বর্তমানে চলছে বহুল প্রতীক্ষিত স্টুডিও রাউন্ড। এখান থেকেই বাছাই করা হবে এবারের সিজনের সেরা ১০ এবং শেষে সেরা ৩ প্রতিযোগী।

লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার এ আয়োজনে বিচারক হিসেবে আছেন খ্যাতিমান শিল্পী শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন আইশা খান, আর প্রযোজনায় মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।

এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। তাদের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৪০ জন অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর তারা অংশ নেন বিশেষ গ্রুমিং সেশনে, যেখানে গান, পরিবেশনা, মঞ্চে উপস্থিতি ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়গুলো শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে।

গ্রুমিং সেশন শেষে অনুষ্ঠিত হয় মাস্টার সিলেকশন রাউন্ড, যেখানে থেকে যোগ্যতা যাচাই করে ১৯ জন প্রতিযোগী সুযোগ পান স্টুডিও রাউন্ডে পারফর্ম করার।

মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’। “বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক” স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় লোকসংগীত রিয়েলিটি শো।