বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াত নেতাদের সঙ্গে আলোচনায় আক্তারুজ্জামান বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবনের বাকি সময় ব্যয় করতে চান। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ