ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলামের যৌথ বিবৃতিতে সংগঠনটি ওসমান হাদির ওপর সংঘটিত বর্বরোচিত গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান। সেসাথে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, এই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কি না তা খতিয়ে দেখার দাবি রাখে।
তারা বলেন, শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২.২০ মিনিটের দিকে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পুরানা পল্টনের কালভার্ট রোডে গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে লক্ষ্য করে যে ন্যাক্কারজনক গুলিবর্ষণ করা হয়েছে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে তা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে যে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে।
চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপরও চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।
এমন অবস্থায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা আরো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে পারস্পরিক দায় চাপানোর যে সংস্কৃতি দেখা যাচ্ছে, তা মোটেও কাম্য নয়।
বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা দাবি জানান, সরকার অবিলম্বে সকল স্তরের রাজনৈতিক ও ভিন্নমতাবলম্বী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
বিবৃতিতে বলা হয়, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্বাস করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না। আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ