জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে একটি বৈষম্যহীন সমাজ কাঠামো গড়ে তোলার মধ্যে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমেই শহীদদের লালিত স্বপ্ন পূরণ করা সম্ভব।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “একটি বৈষম্যহীন সমাজ ও বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশ ধীরে ধীরে সেই পথেই এগিয়ে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশ গড়তে আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি।”

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেন।