শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।

এসময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, সহ সভাপতি প্রফেসর ড. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রফেসর ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান ও প্রচার সম্পাদক প্রফেসর ড. শাহীনুজ্জামান। এছাড়া ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর ড. মনজুরুল হক, হল প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী ও প্রফেসর ড.এ কে এম রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া শোক র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।