পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পাবিপ্রবির লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ভার্চুয়াল ক্লাসরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আওয়াল এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাসানরি হানাওয়া।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি পাবিপ্রবির শিক্ষার্থীরা জাপানের মর্যাদাপূর্ণ মেক্সট (MEXT) স্কলারশিপ লাভের সুযোগ পাবেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক মানের একাডেমিক অভিজ্ঞতা অর্জন করবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আওয়াল বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আমরা ইচ্ছাকৃতভাবেই এই দিনটিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য নির্বাচন করেছি, কারণ আমরা বুদ্ধিবৃত্তিক মানুষ গড়ে তুলতে চাই এবং প্রমাণ করতে চাই—আমরা হেরে যাইনি।”

তিনি আরও বলেন, “এই চুক্তির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হবে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছি। পাবিপ্রবি ও পাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই। একটি বিশ্ববিদ্যালয় ওই অঞ্চলের সামগ্রিক পরিবেশ ও সংস্কৃতি পরিবর্তনে বড় ভূমিকা রাখে, আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

এসময় ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাসানরি হানাওয়া বলেন,
“এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও রিসোর্স শেয়ারিংয়ে আমরা একসঙ্গে কাজ করব। এটি একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্ব তৈরি করবে, যা উভয় বিশ্ববিদ্যালয়ের জন্যই লাভজনক হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।