তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম হাল্ট প্রাইজ-এর বিশেষ ওয়ার্কশপ ও মেন্টরিং সেশন।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় হোস্ট, অনলাইন ইনফ্লুয়েন্সার ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাফসান সাবাব, যার উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রাফসান সাবাবের শিক্ষামূলক মেন্টরিং সেশন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন ব্যবসার সম্ভাবনা, কনটেন্ট ক্রিয়েশন কৌশল এবং নিজের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা গড়ে তুলতে তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। সেশন শেষে উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আখতার হোসেন তার হাতে সম্মাননা তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমোডর মো. আতিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার পাশাপাশি বৈশ্বিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই আয়োজন বাস্তবায়নে সিলভার স্পন্সর হিসেবে সহযোগিতা করে টিসিএল গ্লোবাল। স্পন্সর হিসেবে আরও যুক্ত ছিল মুখে নাও ও লিড একাডেমি। মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, আর ফটোগ্রাফি পার্টনার ছিল বিএমইউ ফটোগ্রাফি ক্লাব।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে হাল্ট প্রাইজ ক্যাম্পাস ডিরেক্টরের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। আয়োজকরা জানান, এই মেন্টরিং সেশন বিএমইউ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে এবং সামাজিক ও উদ্যোক্তা উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ বাড়িয়েছে।