দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিইউপি ক্যারিয়ার এডজ ২০২৫ হ্যাকাথন-এর চূড়ান্ত পর্বে ক্রিয়েটিভ হরাইজন বিভাগে সৃজনশীলতায় দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী আহমেদ ফারহান জাওয়াদ। প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার্সআপ হিসেবে স্থান অর্জন করেন।
রবিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এই হ্যাকাথনের ফাইনাল পর্বে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করেন। ফারহান ক্যাপকাটে ভিডিও এডিটিং এবং ক্যানভায় গ্রাফিক ডিজাইন তৈরির মাধ্যমে নিজস্ব দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখেন। তার নকশাগত দক্ষতা, কনটেন্ট উপস্থাপনার ধারাবাহিকতা এবং সৃজনশীল চিন্তাভাবনা তাকে এই অর্জনে পৌঁছে দেয়।
প্রতিযোগিতা শেষে অনুভূতি প্রকাশ করে আহমেদ ফারহান জাওয়াদ বলেন,
“সত্যি বলতে শুরুতে ভেবেছিলাম, সাধারণ দুটি টুল—ক্যানভা ও ক্যাপকাট—ব্যবহার হওয়ায় হয়তো এবার ভালো কিছু করা সম্ভব হবে না। প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না আল্লাহ আমাকে এত সুন্দর একটি সারপ্রাইজ দেবেন। সমস্ত কৃতিত্ব তাঁরই। এই অর্জনের জন্য আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।”
এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মোহাম্মদ মাহমুদুল হাসান এবং প্রথম রানার্সআপ হন মোহাম্মদ রিফাজুল আলম।
বিইউপি ক্যারিয়ার ক্লাব প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার প্রশংসা করে। একই সঙ্গে ভবিষ্যতেও তাদের আরও সাফল্য কামনা করা হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ