জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ‘র উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করে চবি আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী শিক্ষক সমাজ।
এসময় উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইমাম হোসাইন, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক
ড. মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী।
মানববন্ধনে তারা সরকারকে দ্রুত তিনটি দাবি পূরণের জন্য আহ্বান জানান। এগুলো হলো : শরীফ ওসমান হাদিসহ জুলাই বিপ্লবীদের উপর হামলাকারী এবং হুমকিদাতা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে ; পতিত ফ্যাসিস্টের সকল চিহ্নিত সশস্ত্র ও কালচারাল সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে; বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে আধিপত্যবাদের এজেন্ট ও ফ্যাসিস্টের সহযোগীদেরকে পুনর্বাসন বন্ধ করতে হবে।
মানববন্ধনে অধ্যাপক ড. কাজী মুহম্মাদ রাশেদ নিজাম বলেন, ‘সরকারের নমনীয়তা, প্রশাসনের অসহযোগিতা, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি, মিডিয়ার অন্যায্য অসহযোগিতা হাদিদের মতো বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।’
ড. মোঃ ইমাম হোসাইন বলেন, ‘আজকে আমরা এখানে বিবেকের তাড়না থেকে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং ২৪ এর বিপ্লবের উপর প্রতিনিয়ত আঘাত হচ্ছে। আবরার, ওসমান হাদিরা হামলার শিকার হচ্ছে কারন তারা আধিপত্যবাদকে মেনে নেয়নি। ওসমান হাদি হয়তো ফিরে আসবে, কিংবা আসবে না তবে আমরা সবাই ওসমান হাদির ভূমিকায় অবতীর্ণ হবো।’
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ