জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ ও ১৬ ডিসেম্বর এই বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “ঐতিহ্যের অংশ হিসেবেই আমরা প্রতি বছর বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকি। সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন।”
তিনি বলেন, বিজয়ের এই মাসে বিজয় উদযাপন শুধু আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে অর্জিত বিজয়ের চেতনাকে স্মরণ ও ধারণ করাই এর মূল লক্ষ্য। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ স্বাধীন হলেও আমরা এখনও অনেক ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিজয় মেলাগুলো আমাদের সেই চেতনাকে আবারও উজ্জীবিত করে।”
উপাচার্য আরও বলেন, “মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। একইসঙ্গে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ শুধু কেনাকাটা বা আনন্দের জন্য নয়; বরং বিজয়ের মূল চেতনায় শানিত হয়ে আমাদের লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকার গ্রহণ করতে হবে।”
বিজয় মেলায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের মুখরোচক আচার, তাতের শাড়ি, মিষ্টান্ন, নারীদের জুয়েলারি সামগ্রীসহ নানা ধরনের স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ