মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ র্যালির আয়োজন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়। র্যালিটি ক্যালিকো কটন মিল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
র্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ