প্রতিবছরের ন্যায় এবারও মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্লাটফর্ম। গত ১৭ ডিসেম্বর রাতে প্লাটফর্মের উদ্যোগে অসহায়, ভাসমান ও শীতার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
কার্যক্রমের অংশ হিসেবে মিরপুর-১২ থেকে মিরপুর-১০ পর্যন্ত বিভিন্ন এলাকা এবং শাগুফতা বস্তি পর্যন্ত পরিদর্শন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মাঠপর্যায়ে গঠিত টিমসমূহ সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সকলের প্রতি প্লাটফর্মের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্লাটফর্মের নেতৃবৃন্দ।
কাজী ওয়াজিউল্লাহ ইকরা, সহ-সাধারণ সম্পাদক বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতার প্রকাশ হিসেবে এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্টুডেন্টস প্লাটফর্মের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার অংশ হিসেবে আমরা এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রিয়জিৎ ধর, সাধারণ সম্পাদক বলেন, “শীতবস্ত্র বিতরণ কর্মসূচী স্টুডেন্টস প্লাটফর্মের রুটিন ওয়ার্কের মধ্যে একটি। প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটিকে আগের বছরের চেয়ে বড় করে করার চেষ্টা করি, আগের বছরের চেয়ে বেশি সংখ্যক মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা যদি একজন শীতার্ত মানুষের মুখেও হাসি ফোটায়, তাহলেই আমাদের কর্মসূচীকে আমরা সফল মনে করব।”
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ