জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা শহিদ শরীফ উসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, তিনি ছিলেন জুলাই আন্দোলনের একজন সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও সংগ্রামী ভূমিকা তরুণ সমাজকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও বলেন, শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না; ইতিহাসে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান, উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।

আলোচনা সভা শেষে শহিদ শরীফ উসমান হাদীর রুহের মাগফেরাত কামনা, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।