বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়েই তাঁর নিয়োগ কার্যকর হয়।

এর আগে ২৩ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি।

দীর্ঘ কর্মজীবনে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই বছর পর স্থায়ী বিচারপতি হন তিনি।

পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন নতুন প্রধান বিচারপতি।