বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকেও খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, “আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।”
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা হতে পারে।
এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালেও তাঁকে আইসিইউ সাপোর্ট নিতে হয়েছিল। ২০২৪ সালের জুনে তাঁর হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয় এবং লিভারের বিশেষ চিকিৎসা দেওয়া হয়।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাবন্দী ও পরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষ মুক্তির পর গুলশানের বাসায় অবস্থান করছিলেন তিনি। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর তাঁকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।
বিএনপি ও সমর্থক মহলে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। দেশজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ণ