বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে কঠিন সময়ে জাতির জন্য ‘আশার আলো’ হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, বেগম খালেদা জিয়া ছিলেন করুণাময় নেতৃত্বের প্রতীক, প্রতিরোধের প্রতিমূর্তি এবং সর্বোচ্চ স্তরের একজন দেশপ্রেমিক। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত একজন যোদ্ধার মতো দেশের মানুষের পাশে ছিলেন খালেদা জিয়া। তাঁর আজীবন সংগ্রাম বাংলাদেশের প্রকৃত চেতনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে অসংখ্য মানুষের নায়ক ও অনুপ্রেরণার উৎস ছিলেন খালেদা জিয়া। তাঁর শান্তিময় পরকাল কামনা করে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়া শান্তিতে ঘুমান। আল্লাহ তাকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করুন।’