তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তিনি বলেন, তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান এবং জনগণের সঙ্গে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, এসব বিবেচনায় সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের মানুষকে বারবার অনুপ্রাণিত করেছে।
প্রফেসর ইউনূস আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সবসময় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।

শোকবার্তায় তিনি স্মরণ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে এসে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, শিক্ষা খাতে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করে নারী শিক্ষার অগ্রযাত্রায় খালেদা জিয়া ঐতিহাসিক অবদান রেখেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল একজন নেতা ছিলেন এবং একাধিক নির্বাচন থেকে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করেন বলেও তিনি উল্লেখ করেন।

শোকবার্তায় তিনি বলেন, রাজনৈতিক জীবনে তাঁর দৃঢ় অবস্থান ও সাফল্যের কারণেই তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।