আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক শহর মেক্সিকোর গুয়াদালাহারায় ভয়াবহ বন্দুক হামলায় একজন ব্যবসায়ী, তার ১৬ বছর বয়সী কন্যা এবং এক দেহরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চার দেহরক্ষী।
সোমবার গুয়াদালাহারা–জাপোপাপানের এস্তাদিও আকরন স্টেডিয়ামের কয়েক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এই স্টেডিয়ামেই ২০২৬ বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ঘটনাস্থলের নিকটবর্তী এই হামলা বিশ্বকাপ আয়োজন ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, অন্তত ১০ জন সশস্ত্র হামলাকারী চলন্ত গাড়ি থেকে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে চলা গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ২০০টির বেশি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর কিশোরী মেয়েটি মারা যায়।
ঘটনার পর রাজ্য পুলিশ, ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে; তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে সংগঠিত অপরাধচক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ